ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যেকোনো উপায়ে হরমুজ প্রণালি সচল করা হবে : মার্কো রুবিও

যেকোনো উপায়ে হরমুজ প্রণালি সচল করা হবে : মার্কো রুবিও

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘যেকোনো উপায়ে’ পুনরায় সচল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সোমবার (৩০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে চরম অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েনের গুঞ্জনের মধ্যেই রুবিওর এই মন্তব্য নতুন মাত্রা যোগ করলো।

মার্কো রুবিও দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় কূটনৈতিক সমাধান পছন্দ করেন। বর্তমানে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘গোপন আলোচনা’ ও বার্তা আদান-প্রদান চলছে। যদিও ইরান বরাবরই এ ধরনের আলোচনার খবর অস্বীকার করে আসছে।

রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ফলাফল চান। আমরা এই সমস্যার সমাধান অনেক আগেই করতে পারতাম।’ তিনি আরও জানান, পাকিস্তানের মধ্যস্থতায় আগামী কয়েক দিনের মধ্যে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা রয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তার পুরোনো অবস্থানেই অটল জানিয়ে রুবিও বলেন, তেহরান পরমাণু অস্ত্র ব্যবহার করে বিশ্বকে ব্ল্যাকমেইল করতে চায়। পাশাপাশি তিনি ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) দেখার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন। ইরানের বর্তমান নেতৃত্বকে ‘সমস্যা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, দেশটির সম্পদ সাধারণ মানুষের কাজে না লাগিয়ে হিজবুল্লাহ, হামাস ও শিয়া মিলিশিয়াদের পেছনে ব্যয় করা হচ্ছে।

হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের দাবি নাকচ করে দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শেষ হলে এই আন্তর্জাতিক জলপথ হয় ইরান নিজে খুলে দেবে, নয়তো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক জোট এটি উন্মুক্ত করতে বাধ্য করবে। এই পথ বন্ধ রাখলে তেহরানকে ‘চরম মূল্য’ দিতে হবে বলেও তিনি সতর্ক করেন।

আবা/এসআর/২৬

হরমুজ প্রণালি,সচল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত