
ইরানে চলমান সামরিক অভিযান দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানকে কোনো চুক্তিতে আসতেই হবে-এমন কোনো বাধ্যবাধকতাও নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ইরানে চালানো সামরিক অভিযান গুটিয়ে নিতে পারে। তার ভাষায়, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আমরা এটা শেষ করে ফেলব।
ট্রাম্প দাবি করেন, তার একমাত্র লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো এবং সেই লক্ষ্য এরইমধ্যে অর্জিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কাজটি শেষ করছি। সম্ভবত যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের মধ্যে, অথবা চূড়ান্ত শেষ করতে আরও কয়েকদিন বেশি সময় লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের সব সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাই। তবে এর আগেও একটি চুক্তি হতে পারে।’ ইরান চুক্তিতে না আসলেও যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হয়ে যাবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তি করুক বা না করুক, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হবে না।
তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য বারবার পরিবর্তিত হয়েছে। কখনো তিনি দ্রুত সমাপ্তির কথা বলেছেন, আবার কখনো দীর্ঘমেয়াদি অভিযানের সম্ভাবনাও উল্লেখ করেছেন।
আবা/এসআর/২৬