অনলাইন সংস্করণ
২১:০৯, ১৪ জুন, ২০২৬
ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে ভারতের পতাকাবাহী অন্তত ১৩টি জাহাজ ১০৭ দিন ধরে আটকা রয়েছে। এসব জাহাজে মোট ৫৬২ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়।
রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় সাগরে অবস্থানের কারণে জাহাজগুলোতে খাদ্য ও ওষুধ সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই ‘এমটি সেলেস্টিয়াল’ নামের একটি ভারতীয় জাহাজে অসুস্থ হয়ে নিশান্ত উরথানাথন নামে এক নাবিকের মৃত্যু হয়েছে। তার মরদেহ দ্রুত ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওমানের রাজধানী মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মৃত নাবিকের পরিবার, জাহাজের ক্রু সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে মরদেহ দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।
বর্তমানে এমটি সেলেস্টিয়াল জাহাজটি ওমানের দুকম বন্দরে অবস্থান করছে। জাহাজটির ব্যবস্থাপনা কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটকে থাকা ৫৬২ নাবিকের মধ্যে ৩২৯ জন হরমুজ প্রণালির পশ্চিম অংশে এবং ২৩৩ জন ওমান উপসাগরের পূর্বাঞ্চলে অবস্থান করছেন।
এদিকে রোববার ভারতের পতাকাবাহী ‘বিরাট-১’ নামের একটি পালতোলা জাহাজকে ঘিরেও নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ১৪ জন ভারতীয় ক্রু নিরাপত্তার স্বার্থে উদ্ধারকারী নৌকায় আশ্রয় নেন।
ওমানি কর্তৃপক্ষ এবং আশপাশে থাকা জাহাজগুলোর সহযোগিতায় তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন ধরে সমুদ্রে আটকে থাকার কারণে নাবিকদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।