অনলাইন সংস্করণ
১৮:৪৪, ২৩ জুন, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সোমবার ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের রাজধানীতে তাঁর সফরের শুরুতে তাঁকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পেজেশকিয়ান এবং তাঁর সঙ্গে থাকা উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদলকে পাকিস্তানের শীর্ষ বেসামরিক নেতারা নূর খান বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে অভ্যর্থনা জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম উপস্থিত ছিলেন। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
ইরানি প্রেসিডেন্টের সফরকে সম্মান জানাতে পাকিস্তান বিমানবন্দরে একটি বিশেষ রাষ্ট্রীয় অভ্যর্থনার আয়োজন করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো পেজেশকিয়ানের বিমান অবতরণের সময় আকাশে ফ্লাইপাস্ট প্রদর্শন করে, যা সফররত ইরানি নেতার প্রতি সম্মান প্রদর্শনের একটি বিশেষ আয়োজন ছিল।
এছাড়াও ইরানের প্রেসিডেন্ট এবং তাঁর সঙ্গে থাকা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সম্মান জানাতে ২১ বার তোপধ্বনির (২১-গান স্যালুট) মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।