অনলাইন সংস্করণ
২০:৪১, ০৮ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে ওমানের উপকূলঘেঁষা অস্থায়ী নৌপথ ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন ওমান এবং জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর চলাচল স্বাভাবিক রাখতে ওমানের উপকূলসংলগ্ন একটি অস্থায়ী নৌ-করিডর চালুর ঘোষণা দেয়। ইরানের দাবি, ওই করিডরের তদারকির দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে ছিল।
ফার্সের তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রেডিও বার্তার মাধ্যমে ওমানের করিডর ব্যবহার করতে চাওয়া জাহাজগুলোকে সতর্ক করছে এবং তাদের ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করার নির্দেশ দিচ্ছে।
সংস্থাটি আরও দাবি করেছে, জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজই ইরান অনুমোদিত করিডর ব্যবহার করেছে।
তবে ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দেওয়ার এ দাবির বিষয়ে ভারত, ওমান কিংবা সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।