অনলাইন সংস্করণ
১৮:১৭, ১২ জুলাই, ২০২৬
ভারতের অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলায় নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সম্প্রতি জেলায় আটজনের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে গত কয়েক সপ্তাহে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর তার করোনা শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ছাড়া কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি অসুস্থ হয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পরে হাসপাতালের করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
নতুন করে সংক্রমণ দেখা দেওয়ার পর জেলার স্বাস্থ্য বিভাগ বিশেষ টিম গঠন করে আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি নমুনার ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কাদাপা জেলায় মোট আটজন করোনা রোগী রয়েছেন। ভাইরাসের ধরন ও সংক্রমণের উৎস শনাক্ত করতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আক্রান্ত এলাকায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন, জনসচেতনতামূলক কার্যক্রম, জীবাণুনাশক ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে।
এ ছাড়া আক্রান্তদের পরিবারের সদস্যদের দ্রুত করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের সংক্রমণ ধরা পড়বে তাদের আইসোলেশনে রাখা হবে, আর অন্যদের বাড়িতে থেকে স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হবে।
পরিস্থিতি মোকাবিলায় জেলার হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা, আইসোলেশন সুবিধা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার, জনসমাগমে মাস্ক ব্যবহারের এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।