অনলাইন সংস্করণ
১২:৪০, ১৭ জুলাই, ২০২৬
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত শত্রুপক্ষের বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে তারা আকস্মিক হামলা চালিয়েছে। ইরানশাহর এলাকায় নিহত সেনাদের রক্তের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (১৭ জুলাই)
আইআরজিসির জনসংযোগ বিভাগ ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে জানায়, শত্রুর বিশেষ অভিযান কমান্ড সেন্টারে এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর নৃশংসতার জবাবে, আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে অভিযান পরিচালনা করে। ইরানশাহরের বাম্পুরে শহীদ হওয়া নিপীড়িত সেনাদের প্রতি উৎসর্গ করে সিরিয়ার তানফ অঞ্চলে শত্রুর বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানো হয়।”
আইআরজিসি আরও দাবি করেছে, এই হামলায় একটি রাডার ব্যবস্থা ও বেশ কয়েকটি বিশেষ অভিযান হেলিকপ্টার ধ্বংস হয়েছে। পাশাপাশি ইরানশাহরের নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এখনো আমাদের সাহসী যোদ্ধাদের হাতে রয়েছে। যতদিন পর্যন্ত মার্কিন নৃশংসতা অব্যাহত থাকবে, ততদিন এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল ও গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না।”