
এক রাতে রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, চলতি বছরের সবচেয়ে বড় এই হামলায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এ হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত সাতজন নিহত হয়েছেন।
মস্কো অঞ্চলের গভর্নর বলেন, সাম্প্রতিক স্মৃতিতে রাশিয়ার রাজধানীর ওপর এটি ছিল অন্যতম বড় ড্রোন হামলা। হামলায় রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও আঘাত হেনেছে।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।
ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বেসামরিক বাসে হামলা হলে এক নারী নিহত হন। আর মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।
মস্কোর কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের কোলোদিনো এলাকায় ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। ভিডিওতে গুদামটিতে আগুন এবং আকাশজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।
রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজের স্থাপনাগুলোতে জুলাই থেকে একাধিকবার হামলা হয়েছে। সে সময় ইউক্রেন জানিয়েছিল, রুশ সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম কেনাবেচায় ব্যবহৃত লজিস্টিকস কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে এবং রুশ সেনাদের সরবরাহব্যবস্থা ব্যাহত করাই এর উদ্দেশ্য।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হামলার ফলে ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিকস কেন্দ্রের সাতটিই অচল হয়ে পড়েছে।
অন্যদিকে ইউক্রেনেও রাশিয়ার হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি আহত হয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে রাশিয়া। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার গভীরে ড্রোন হামলা বাড়িয়েছে।
সূত্র: বিবিসি।
আবা/এসআর/২৬