
ইংল্যান্ডের উত্তরাপূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের একটি গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কায় দুই পুলিশসহ সাতজন নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় ভোররাত প্রায় ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর পূর্বে সাউথ ব্যাঙ্ক এলাকার কাছে ঘটনাটি ঘটে, জানিয়েছে ক্লিভল্যান্ড পুলিশ। ঘটনাস্থলেই দুই গাড়ির সব আরোহীর মৃত্যু হয়।
ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার বলেন, এই মর্মান্তিক ঘটনার রেশ পুরো ক্লিভল্যান্ড, আমাদের কমিউনিটি এবং সমস্ত পুলিশ পরিবারের ওপর পড়বে।
রয়টার্স জানিয়েছে, পুলিশ তখনও দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করে দেখছিল এবং নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার জন্য কাজ করছিল।
প্রচলিত রীতি অনুযায়ী, যুক্তরাজ্যের ‘ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট’ ঘটনাটি পর্যালোচনা করবে।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের দুটি ঘটনা ঘটেছে। এর একটিতে পাঁচজন নিহত হয়।
চলতি সপ্তাহে আয়ারল্যান্ডের পুলিশ প্রধান সতর্ক করে বলেন, ‘সামাজিক মাধ্যমে লাইক পাওয়ার জন্য’ কিছু তরুণ গাড়ি চলাচলের পথে উল্টো পথে ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছে।
এ নিয়ে আয়ারল্যান্ডের একটি সংসদীয় কমিটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের কাছে জানতে চেয়েছে, সড়কে বিপজ্জনক ও বেআইনি আচরণ উৎসাহিত করে এমন ভিডিও কেন সরিয়ে নেওয়া হচ্ছে না। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থাও একই বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়েছে।
আবা/এসআর/২৬