ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

ইউক্রেইনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি আবাসিক এলাকার কাছে সামরিক অস্ত্র ও গোলাবারুদের গুদামে গভীর রাতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪২ জন।

হামলার ফলে গুদামটিতে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদে বিস্ফোরণ ঘটার জেরে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেন, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন।

ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, গুদামটিতে ‘বিস্ফোরক বস্তু’ সংরক্ষণ করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তারা ফৌজদারি তদন্ত শুরু করেছেন।

প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৮টা ১০ মিনিটে একটি ড্রোন কিয়েভের পশ্চিমে মিলা শহরের একটি প্রতিষ্ঠানের এলাকায় আঘাত হানে বা সেখানে বিধ্বস্ত হয়। এরপর সেখানে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ শুরু হয়।

ঘটনাস্থল থেকে রাজধানীর পশ্চিমাঞ্চলের আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শনিবারও সেখানে আগুন জ্বলছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইউক্রেইনের বিমান বাহিনীর দাবি, শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে রাশিয়া অন্তত ২৬৭টি ড্রোন এবং ২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যার মধ্যে বেশিরভাগ ড্রোনই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছিল।

হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ঘটনাস্থলে ৩০০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

তবে ড্রোন হামলার পাশাপাশি ঘটনার পিছনে প্রশাসনিক ও রাষ্ট্রীয় গাফিলতির বিষয়টি সামনে আসায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, লোকালয় বা সাধারণ মানুষের বাসস্থানের কাছে বিস্ফোরক ও গোলাবারুদ মজুত করা বেআইনি এবং চরম নিয়মবিরুদ্ধ কাজ।

আবা/এসআর/২৬

ইউক্রেন,হামলা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত