
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর পাল্টা আঘাত হানা শুরু করেছে তেহরান। জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি ও রয়টার্স।
আইআরজিসি জানায়, এই হামলায় ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠনমূলক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। হামলায় শত্রুপক্ষের বিমান উড্ডয়ন স্থাপনাও ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, এত আগ্রাস ও অপরাধের পরও আইআরজিসিকে দমিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে শত্রুর চেষ্টা থামবে না এবং প্রতিটা হামলারই তার চেয়েও ভয়ংকর জবাব দেওয়া হবে।
আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের জন্য প্রস্তুত করা কিছু লঞ্চারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এর মধ্য দিয়ে হয়তো সামরিক সংঘাতের ইতি ঘটতে চলেছে।
তবে তাদের ভুল প্রমাণ করে দিয়ে রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে ফের ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর তেহরানের পাল্টা আঘাত শুরুর পর নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
আবা/এসআর/২৬