ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফ্রান্সে বাড়ি ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু

ফ্রান্সে বাড়ি ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ি ধসে বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি বিভাগের ওভেরভিলিয়ে শহরের রু পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির একটি অংশ ধসে পড়ে।

নিহত শিশুটির নাম নাহিল। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা ফ্রান্সপ্রবাসী রাসেল আহমদের ছেলে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ফরাসি সংবাদমাধ্যম লো মোঁদ ও লে প্যারিজিয়াঁ লিখেছে, গ্যাস লিক থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ববিনি প্রসিকিউটর অফিসের অধীনে একটি তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণে বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ফরাসি দমকল বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল ও উদ্ধারকারী কুকুর কাজ করে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন।

ওভেরভিলিয়ের মেয়র সোফিয়েন কারুমি রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওই বিস্ফোরণের ঘটনা তুলে ধরে বলেন, উদ্ধারকারীরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন, যাতে পরিস্থিতি আরও ভয়াবহ না হয় এবং ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করা যায়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। একটি পৌরসভা ভবনের কক্ষ এবং একটি স্টেডিয়ামের ড্রেসিংরুম তাদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

আবা/এসআর/২৬

ফ্রান্স,বিস্ফোরণ,বাংলাদেশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত