ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া

উসকানিমূলক ও বৈরি আচরণের অভিযোগ এনে আকস্মিকভাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া। তবে ঠিক কোন বৈরি আচরণের কারণে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হল তা নির্দিষ্ট করে জানায়নি আলজেরিয়া।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আলজেরিয়ার সিদ্ধান্ত সাময়িকই হবে বলে তারা আশা করছে। আবুধাবি দুই দেশের সম্পর্ক ও অভিন্ন স্বার্থরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

সম্প্রতি কয়েক বছরে আলজেরিয়া ও আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। আলজেরিয়ার সংবাদমাধ্যমগুলোতে আমিরাতের তীব্র সমালোচনা করা হয়। আবুধাবি আঞ্চলিক বিরোধ উসকে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা ভ্রাতৃপ্রতিম আলজেরীয় জনগণকে শ্রদ্ধা করে। পাশাপাশি আমিরাতে থাকা আলজেরীয় নাগরিক এবং উভয় দেশের জনগণের মধ্যকার বন্ধন নিয়েও গর্ববোধ করে। বিশেষ করে আমিরাতে থাকা আলজেরীয় সম্প্রদায় ও আলজেরীয় পর্যটকদের মাধ্যমে এ বন্ধন আরও দৃঢ় হয়েছে।

তবে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আমিরাতের কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেগুলো আর কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার সব পথ শেষ হয়ে গেছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়ার পর, আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজেরিয়ার এনাহার টিভি জানিয়েছে, দেশটি শুক্রবার থেকে আমিরাতের নিবন্ধিত সব বেসামরিক এবং সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেবে। তবে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ মোতাবেক, আলজিয়ার্সে যাতায়াতকারী আমিরাতের বাণিজ্যিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং সিদ্ধান্ত কার্যকরের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

আবা/এসআর/২৬

কূটনৈতিক সম্পর্ক,আলজেরিয়া,ছিন্ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত