ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সই

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সই

ভারত-সহ কিছু দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর ফলে ভারতের পাশাপাশি চীনও সমস্যায় পড়তে পারে। নতুন বিলে রাশিয়ার ওপর ৫০০ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে।

‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিল এর আগে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ভোটাভুটির মাধ্যমে পাস হয়ে গিয়েছে। ট্রাম্পের সইয়ের ফলে তা আইনে পরিণত হল।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা আমেরিকার এই আইনের উদ্দেশ্য। রাশিয়ার ওপর চড়া শুল্ক এবং একাধিক বিধিনিষেধ আরোপের পাশাপাশি এই আইনে তাই রাশিয়ার সহযোগী দেশগুলিকেও নিশানা করা হয়েছে।

রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা নির্দিষ্ট দেশগুলির পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে।

দিন দুয়েক আগে বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে পাস হয়েছে ২৬২-১৫৯ ভোটে। তার পর ছিল শুধু ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা। এবার তা-ও মিলল।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ যাতে রাশিয়া জোগাড় করতে না পারে, অর্থনৈতিক দিক থেকে মস্কোকে যাতে চাপে রাখা যায়, তা-ই আমেরিকার এই আইনের লক্ষ্য।

এতে বলা হয়েছে, রাশিয়া থেকে আমেরিকায় আমদানিকৃত যে কোনও পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। তা ছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাঁর সরকারের শীর্ষ আধিকারিকদের উপরেও বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে আইনটিতে।

আমেরিকার নতুন আইনের কারণে ভারত ছাড়াও সমস্যায় পড়তে পারে চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সিঙ্গাপুর, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়ার মতো দেশ।

এই দেশগুলির সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন, বিশেষত তেল কেনাবেচা চলে। সংশ্লিষ্ট বিলে একটি সংশোধনী প্রস্তাব করেছিলেন মার্কিন কংগ্রেসের এক ডেমোক্র্যাট সদস্য।

তিনি নির্দিষ্ট করে এই দেশগুলির নামই শুল্ক আরোপ বা বিধিনিষেধের তালিকায় রাখার প্রস্তাব দিয়েছিলেন। তবে বাস্তবে তা হয়নি।

মনে রাখতে হবে, ট্রাম্প বিলে সই করে দেওয়ার অর্থ ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়ে যাওয়া নয়। এই আইনের মাধ্যমে শুল্ক আরোপের ছাড়পত্র পেল মার্কিন সরকার। বাকিটা ট্রাম্পের ইচ্ছাধীন।

তিনি চাইলে ভারত কিংবা যে কোনও দেশের ওপর রাশিয়ার তেল কেনার কারণে ১০০ শতাংশ পর্যন্ত যে কোনও হারে শুল্ক চাপাতে পারেন।

এ ক্ষেত্রে হাঙ্গেরি যেমন ব্যতিক্রম। তারা রাশিয়ার তেল কিনলেও ট্রাম্প বরাবর ইউরোপের এই দেশটিকে আনুষাঙ্গিক পরিস্থিতি বিবেচনা করে ছাড় দিয়ে এসেছে।

এখন মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার ১২ শতাংশের কাছাকাছি। যদি ট্রাম্প তার ক্ষমতা ব্যবহার করে শুল্ক ১০০ শতাংশ করে দেন, তবে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম একলাফে অনেক বেড়ে যাবে।

এর ফলে সামগ্রিক ভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির ওপরও তার প্রভাব পড়বে। নতুন করে অবনতি হতে পারে দুই দেশের সম্পর্কে।

ভারত সরকার জানিয়েছে, আমেরিকায় বিল পাসের দিকে তারা নজর রেখেছে। তবে ওয়াশিংটনের চাপে নতিস্বীকার করে মস্কো থেকে তেল কেনা ভারত বন্ধ করবে না বলেও বার্তা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে।

ট্রাম্পের সই,শুল্ক আরোপের বিলে,১০০ শতাংশ,ভারতের ওপর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত