ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসীরা

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসীরা

সুইডেনের জাতীয় নির্বাচনে মধ্য-বামপন্থি বিরোধী জোট জয় পেয়েছে। চূড়ান্ত ভোট গণনায় ৩৪৯ আসনের রিক্সদাগে বিরোধীরা পেয়েছে ১৭৬টি আসন। ক্ষমতাসীন জোট পেয়েছে ১৭৩টি আসন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার ১৩ সেপ্টেম্বর নির্বাচনের পর কয়েক দিন ধরে চলা ভোট গণনা বৃহস্পতিবার শেষ হয়। দেরিতে পৌঁছানো ব্যালট ও বিদেশ থেকে আসা ভোটও গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত ফল অনুযায়ী দুই পক্ষের মধ্যে ব্যবধান তিনটি আসন।

বিরোধী জোটের নেতৃত্বে রয়েছে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি। দলটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ম্যাগদেলিনা অ্যান্ডারসন। সোশ্যাল ডেমোক্র্যাটস ৯৯টি আসন নিয়ে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে। তাদের সঙ্গে রয়েছে লেফট পার্টি, সেন্টার পার্টি ও গ্রিন পার্টি।

অন্যদিকে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন জোটের মধ্যে রয়েছে মডারেট পার্টি, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও লিবারেল পার্টি। এই চার দল মিলিয়ে পেয়েছে ১৭৩টি আসন।

চূড়ান্ত ফল ঘোষণার পর ক্রিস্টেরসন পার্লামেন্টের স্পিকারকে দেওয়া এক চিঠিতে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি জানান, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে স্পিকার এখন পরবর্তী পদক্ষেপ নেবেন।

তবে নির্বাচনে জয় পেলেও বিরোধী জোটের সামনে সরকার গঠন সহজ হবে না। চারটি দলের মধ্যে সরকারে অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে সেন্টার পার্টি জানিয়েছে, লেফট পার্টি মন্ত্রিসভায় থাকলে তারা এমন সরকারে যোগ দেবে না। অন্যদিকে লেফট পার্টি সরকারে মন্ত্রী পাওয়ার দাবি জানিয়েছে।

ফলে নতুন সরকার গঠনে দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুইডেনের পার্লামেন্টের স্পিকার এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন। ২৯ সেপ্টেম্বরের আগে পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নিয়ে ভোট হওয়ার সম্ভাবনা নেই।

নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত ক্রিস্টেরসন ও তার মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের ফল বিশ্লেষণে অভিবাসী ভোটারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে আলোচনায় এসেছে। বিশেষ করে গত সরকারের সময়ে বেশ কিছু কঠোর অভিবাসননীতি ও আইন প্রণয়নের পর এবারের নির্বাচনে অভিবাসী ভোটারদের একটি বড় অংশ মধ্য-বাম বিরোধী জোটের দিকে ঝুঁকেছেন বলে বিভিন্ন নির্বাচনি বিশ্লেষণে উঠে এসেছে। এই ভোটের সমর্থন মধ্য-বাম জোটের নির্বাচনি ফল ভালো করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে নির্বাচনে সুইডেন ডেমোক্র্যাটসের সমর্থনও কমেছে। দলটি ৬২টি আসন পেয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১১টি কম।

চূড়ান্ত ফলাফল সুইডেনের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পথ তৈরি করলেও নতুন সরকার ঠিক কীভাবে গঠিত হবে, তা এখনো আলোচনার ওপর নির্ভর করছে।

স্বস্তিতে অভিবাসীরা,বিরোধী জোটের জয়,জাতীয় নির্বাচন,সুইডেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত