ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাসন মাজার ঝামেলা কমানোর সহজ কৌশল

বাসন মাজার ঝামেলা কমানোর সহজ কৌশল

রান্না করা, খাওয়াদাওয়ার পর বাসন মাজা একটি অপরিহার্য কাজ। এর সাথে কড়াইয়ের তলায় জমে থাকা পোড়া দাগ, থালাবাসনে তেলচিটে ভাব কিংবা চামচে লেগে থাকা আঁশটে গন্ধ দূর করতে অনেক সময় ঘষাঘষি করতে হয়। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে এই কাজ অনেকটাই সহজ হতে পারে।

বেকিং সোডা

অনেক সময় বাসনের গায়ে গাঢ় খয়েরি দাগ পড়ে যায়। আবার রান্না করতে গিয়ে কড়াইয়ের তলায় খাবার পুড়ে লেগে থাকে। এসব দাগ পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয়। এ ক্ষেত্রে কাজে লাগাতে পারেন বেকিং সোডা। এটি তেলচিটে ময়লা ও জমে থাকা খাবারের দাগ আলগা করতে সাহায্য করে।

একটি ছোট বালতিতে গরম পানি নিয়ে তাতে দুই থেকে তিন টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর দাগযুক্ত বাসনগুলো ওই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ময়লা নরম হয়ে এলে বাসন মাজার সাবান ও স্পঞ্জ দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। তবে অ্যালুমিনিয়াম বা বিশেষ আবরণযুক্ত বাসনে বেকিং সোডা ব্যবহারের আগে সতর্ক থাকুন। বাসনের ধরন অনুযায়ী পরিষ্কারের পদ্ধতি বেছে নেওয়া ভালো।

ভিনেগার

বাসন থেকে আঁশটে গন্ধ বেরোচ্ছে? লেবু দিয়ে ঘষে পরিষ্কার করার সময়ও নেই? এমন পরিস্থিতিতে ভিনিগার কাজে লাগতে পারে। এর অম্লধর্ম কিছু ধরনের গন্ধ ও ময়লা দূর করতে সাহায্য করে। বিশেষ করে মাছ-মাংসের গন্ধ লেগে থাকা বাসন পরিষ্কারে এটি ব্যবহার করা যায়।

একটি স্প্রে বোতলে এক ভাগ ভিনিগার ও তিন ভাগ পানি মিশিয়ে নিন। এবার মিশ্রণটি বাসনের গায়ে স্প্রে করে ১৫ থেকে ৩০ মিনিট রেখে দিন। চাইলে উপযুক্ত বাসন এই মিশ্রণে ভিজিয়েও রাখতে পারেন। এরপর বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। তবে সব ধরনের বাসনে ভিনিগার ব্যবহার করা ঠিক নয়। ঢালাই লোহা, প্রাকৃতিক পাথর বা বিশেষ আবরণযুক্ত পাত্রে এটি ব্যবহার এড়িয়ে চলুন। আর ভিনিগার কখনোই ব্লিচ বা অন্য পরিষ্কারক রাসায়নিকের সঙ্গে মেশাবেন না।

গরম পানি

হাতের কাছে বেকিং সোডা বা ভিনিগার কিছুই নেই? চিন্তার কিছু নেই। সাধারণ গরম পানিও বাসন পরিষ্কারের কাজ সহজ করতে পারে। গরম পানিতে তেলচিটে ভাব ও খাবারের জমাট ময়লা নরম হয়ে আসে। ফলে বাসন মাজতে বেশি ঘষাঘষি করতে হয় না।

একটি বড় পাত্রে গরম পানি নিয়ে তার মধ্যে তেলচিটে বাসনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর বাসন মাজার সাবান ও স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে নিন। কড়াইয়ের তলায় খাবার পুড়ে লেগে থাকলে তাতে গরম পানি ঢেলে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এতে পোড়া অংশ নরম হয়ে আসবে। ছোট বাসনগুলো একসঙ্গে একটি বড় পাত্রে ভিজিয়ে রাখলে কাজও সহজ হবে। তবে পানি ফুটন্ত অবস্থায় হাতে ধরার মতো বাসনে ঢালবেন না। প্লাস্টিকের বা তাপ-সংবেদনশীল পাত্রেও অতিরিক্ত গরম পানি ব্যবহার করা উচিত নয়।

বাসন মাজার সময় বাঁচানোর সহজ কৌশল

বাসন পরিষ্কারের ঝামেলা কমাতে সবচেয়ে ভালো উপায় হলো ময়লা জমতে না দেওয়া। রান্নার পর কড়াই বা প্যানে খাবারের অবশিষ্টাংশ ফেলে দিয়ে যত দ্রুত সম্ভব পরিষ্কার করুন। বাসন দীর্ঘক্ষণ এঁটো অবস্থায় ফেলে রাখলে খাবার শুকিয়ে শক্ত হয়ে যায়, ফলে তা তুলতে বেশি সময় লাগে।

এছাড়া বাসন মাজার আগে টিস্যু বা কাগজ দিয়ে তেল ও খাবারের অবশিষ্টাংশ মুছে নিতে পারেন। এতে সিঙ্কে তেল জমার পরিমাণও কমবে। সব বাসন একসঙ্গে স্তূপ করে না রেখে, যে বাসনটি ব্যবহার শেষ হচ্ছে সেটি দ্রুত ধুয়ে ফেলুন। এতে কাজের চাপ কমবে এবং রান্নাঘরও পরিচ্ছন্ন থাকবে।

সূত্র: দ্য কিচেন, গুড হাউজ কিপিং

আবা/এসআর/২৬

বাসন মাজা,ঝামেলা,উপাদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত