
শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জটিলতা ও রহস্যের সৃষ্টি হয়েছে। ভেদরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত পরবর্তী রহস্য উদঘাটনে কাজ করছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভেদরগঞ্জ বাজারের ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে হোটেলটির মালিক আতাউর রহমান হোসেন পলাতক রয়েছে। নিহত আবুল বাশার তালুকদার গাজীপুর সদর উপজেলার ৮২ নম্বর খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মৃত জোনাব আলী তালুকদারের ছেলে বলে প্রাথমিক তথ্যে জানিয়েছে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর সকালে গাজীপুরের নিজ বাড়ি থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে দাদার বাড়ির উদ্দেশে রওনা হন আবুল বাশার। তবে গত রাত থেকেই পরিবারের সাথে মোবাইলে আর কথা হয়নি। তার পর নিহতের মোবাইল থেকে স্ত্রীকে কল করে চিকিৎসার কথা বলে দুই হাজার টাকা দাবি করা হয় বলে পুলিশের কাছে জানিয়েছে বাশারের ভাগিনা কবির হোসেন।
এরপর পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করলেও আর কেউ কল রিসিভ করেননি। এতে উদ্বিগ্ন হয়ে তারা গাজীপুরের স্থানীয় থানায় যোগাযোগ করেন। পরে মোবাইল ফোনের অবস্থান শনাক্তের সূত্র ধরে শরীয়তপুরের ভেদরগঞ্জে তার অবস্থানের তথ্য পাওয়া যায়। বিষয়টি ভেদরগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে পুলিশ মোবাইলের লোকেশন নিশ্চিত করে ভেদরগঞ্জস্থ ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের ভাগিনা কবির হোসেন জানান, তার মামা রোববার সকালে গাজীপুর থেকে শরীয়তপুরে দাদার বাড়ির উদ্দেশে রওনা হন।