
দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, গণতন্ত্রে মতের ভিন্নতা ও মতবিরোধ থাকাটা স্বাভাবিক। তবে দেশের স্বার্থে সবাইকে দেশপ্রেমের রাজনীতি করতে হবে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা যাবে না। গতকাল মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিজের পৈতৃক বাড়িসংলগ্ন এলাকায় স্থানীয় স্বজন ও এলাকাবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, সবকিছুর আগে বাংলাদেশ'—এটাই আমাদের দলের বর্তমান ভিশন ও রাজনীতির মূল দর্শন। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও প্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীরা অনেক অন্যায় ও কষ্টের মধ্য দিয়ে সময় পার করেছেন। এখন নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করার সময় এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নিজের জন্মস্থানের স্মৃতিচারণ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, আমার মা এই মাটিতেই শায়িত আছেন। কাজের ব্যস্ততা থাকলেও জন্মভূমির টান আমাকে বারবার এখানে ফিরিয়ে আনে। পৈতৃক বাড়ির উঠান, বৈঠকখানা, পুকুরপাড় এবং তৎকালীন শান্তির হাটকেন্দ্রিক স্মৃতি আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।
শৈশবে কমলনগরের ঐতিহ্যবাহী ভুলুয়া নদীতে মাছ ধরার স্মৃতি তুলে ধরে তিনি নদীটির বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, প্রকৃতিকে বাধাগ্রস্ত করার কারণে ভুলুয়া নদীতে পলি জমে নাব্যতা কমেছে। এর ফলে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।