ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আদালতের আদেশের পর পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল

আদালতের আদেশের পর পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল

সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর পাবনা-১ ও ২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রোববার ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। নতুন তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাবনা-১ ও ২ আসন থেকে যেসব প্রার্থী আগেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আদালতের আদেশ অনুযায়ী সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্রে পাবনা-২ আসন হিসেবে গণ্য করা হবে।

এর আগে, পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

নতুন তফসিল,পাবনা-১ ও ২ আসন,আদালতের আদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত