
আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্যও সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
প্রেস সচিব জানান, আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ছুটি থাকে, যা আগেই জানানো হয়েছিল। তবে ভোটারদের যাতায়াত ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি কার্যকর হবে। ফলে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা টানা তিন দিনের ছুটি পাবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই সরকার ছুটির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।