অনলাইন সংস্করণ
১৯:০৮, ২২ জানুয়ারি, ২০২৬
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ড. খলিলুর রহমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেনকে স্বাগত জানান। একই সঙ্গে ঢাকায় তার পূর্ববর্তী দায়িত্বকাল এবং ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের বিভিন্ন পদে থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন তিনি।
ড. রহমান আশা প্রকাশ করেন, ক্রিস্টেনসেনের বর্তমান মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের প্রতি সহায়তা, ভিসা বন্ডসহ অভিবাসন ইস্যু এবং যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্ব পায়।
পাশাপাশি বাংলাদেশে আমেরিকান ব্যবসা ও বিনিয়োগ এবং সাধারণ উদ্বেগের আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এ সময় বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আসন্ন নির্বাচন ও বিস্তৃত সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।
সাক্ষাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।