অনলাইন সংস্করণ
১০:৫৯, ২৩ জানুয়ারি, ২০২৬
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সকল ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। তিনি ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বৈঠককালে নির্বাচন ছাড়াও শ্রম আইন, পরিকল্পিত শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের উপস্থিতি আশা করছে সরকার। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত ১৮ মাসে সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নির্বাচনের পর জয়ী দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া, বৈঠকে সার্ক পুনরুজ্জীবিত করা এবং আসিয়ান সদস্যপদ প্রাপ্তির বিষয়েও আলোচনা হয়েছে।