
অন্তর্বর্তী সরকারের শেষ এবং চূড়ান্ত—জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ। সভার কার্যতালিকায় রয়েছে ২৬টি প্রকল্প প্রস্তাব, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ৭টি প্রকল্প পরিবেশ ও বন মন্ত্রণালয়ের।
রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, সভার মূল নোটিশে ২৩টি প্রকল্পের নাম উল্লেখ রয়েছে। এর বাইরে আরও তিনটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হচ্ছে।
উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫ হাজার কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা, যা অবশিষ্ট স্থাপনা নির্মাণ, কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা ও রুশ জনবলের আবাসন সম্প্রসারণ অন্তর্ভুক্ত করবে।
অন্যান্য প্রকল্পের মধ্যে আলোচনা চলছে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল এবং পরিষ্কার বায়ু প্রকল্প। এছাড়া মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের লালখান বাজার-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দর রানওয়ে ও দোহাজারী-ঘুমধুম রেলপথ প্রকল্প।