
স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
তবে আদেশের চিঠি কারাগারে না আসায় আজ মুক্তি মিলছে না সাদ্দামের। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর নাগাদ মুক্তির আশা করছে কারা কর্তৃপক্ষ।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই নিথর দেহে পড়ে ছিল তার ৯ মাসের শিশু সন্তান নাজিমের মরদেহ।
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী-সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বলেন, ‘আমরা শুনেছি সাদ্দামের জামিন হয়েছে। তবে আদালতের কোনো নথি আমাদের কাছে আসেনি। আজ না আসার সম্ভাবনাই বেশি। কাল (মঙ্গলবার) দুপুর নাগাদ জামিন হতে পারে বলে ধারণা করছি।’
আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মানবিক দিক বিবেচনা করে আদালত তাকে জামিন দিয়েছেন।’
আবা/এসআর/২৫