
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনকে পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং নাগরিকবান্ধব আচরণ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুর সার্কিট হাউসে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সেনাপ্রধান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সামরিক-বেসামরিক প্রত্যেক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভা শেষে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। পরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে সেনাসদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন সেনাপ্রধান।