ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈদযাত্রা সুষ্ঠু-সুন্দর করতে পুলিশের সব ইউনিট নিয়োজিত থাকবে: আইজিপি

ঈদযাত্রা সুষ্ঠু-সুন্দর করতে পুলিশের সব ইউনিট নিয়োজিত থাকবে: আইজিপি

ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে পুলিশের সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশ ও বহির্গমনপথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, প্রতিবছর ঈদযাত্রায় আমাদের ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওয়ানা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না। এজন্য আমরা এই বছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদযাত্রায় যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে যেন কোনো যানজট না হয় সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। তাদের নির্দেশনা এবং আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় তা নিয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।

তিনি আরও বলেন, বড় বড় বাজার এবং মোড়গুলাতে প্রচুর পরিমাণে যানজট লেগেই থাকে। সারাবছর এগুলা নিরসন করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী লোকজনকে নিয়ে যেন কোনো যানজট না হয় সে বিষয়ে কাজ করছি।

পুলিশ প্রধান বলেন, আমরা রিকোয়েস্ট করেছি যে, আমাদের যারা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ড্রাইভার, হেলপার, ওনারা অল্প শিক্ষিত। তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানেন না। ট্রাফিক আইনটা মেনে চলেন না। সড়কে মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না আমার পেছনে গাড়িগুলোর যানজট লাগছে। একটু কমনসেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।

বাস টার্মিনাল ঘিরে কোনো ধরনের থ্রেট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আপনারা এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছেন কেন? পজিটিভ চিন্তা করেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়িত। টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য আমি এবার বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই।

‎রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে আলী হোসেন ফকির বলেন, আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি ঢাকা শহরের ভেতর দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করবো।

‎টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে আইজিপি বলেন, এটা আমাদের সমস্যা। আইন না জানাই একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানবো না। প্রচলিত আইন জানাও আমাদের দায়িত্ব।

ঈদযাত্রা,পুলিশ,পুলিশ মহাপরিদর্শক,আলী হোসেন ফকির,আইজিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত