অনলাইন সংস্করণ
১৬:৫৮, ২০ জুন, ২০২৬
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম।
আজ শনিবার (২০জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জন-আকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের 'মাল্টি-মোডাল' যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
রেল যোগাযোগ নিয়ে মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু হবে। এছাড়া, ঢাকার সাথে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।