
সরকারি উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে নিজের নাম না রাখার নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। তিনি বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করবো।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “এখন থেকে সরকারি উন্নয়নমূলক যেকোনো প্রকল্পের নামফলকে আমার নাম থাকবে না। এটি আমার নির্দেশ। জনগণের ট্যাক্সের টাকায় করা কাজে আমার নাম থাকবে না।”
শুক্রবার (১৯ জুন) সকালে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, তাঁর কার্যকালে যেসব ফলকে তাঁর নাম থাকবে, সেসব প্রকল্প তিনি উদ্বোধন করবেন না। এর আগে তিনি তাঁর এমপির পুলিশি প্রটোকলও বাতিল করেছেন বলে জানান।
শুভ উদ্বোধন উপলক্ষে কলেজ হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এবং বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী বোর্ডের সচিব ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ড. মো. আবদুল হক তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য মো. হুমায়ুন কবির সুমন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যা পাটওয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহীম পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার আলম বুলু, নুরন্নবী সম্রাট, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, জেএন হাই স্কুল অ্যান্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।