অনলাইন সংস্করণ
১৪:০৯, ০৩ নভেম্বর, ২০২৬
আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণ সহজ করতে বিশেষ অধ্যাদেশ প্রণয়ন, কর ও শুল্ক সুবিধা এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করছে। কৃষকদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে ১ বছরের মধ্যে ১৭ হাজার সেচ পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।
বিদ্যুতের চাহিদা পূরণে বাসা-বাড়ি ও অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপন করতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান বলেন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করতে চায়। এ লক্ষ্যে সৌর বিদ্যুতের ওপর জোর দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা যেন শুধু অর্থের অভাবে পিছিয়ে না পড়েন, সরকার তা নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতার সমালোচনা না করে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সোলার এক্সপো ঘুরে দেখেন তিনি।