অনলাইন সংস্করণ
১২:২২, ১৮ নভেম্বর, ২০২৬
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ নাগরিকদের হয়রানি ও দুর্নীতির শিকার হওয়ার অভিযোগ আর দেখতে চান না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এ সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অংশীজনদের কাছ থেকেও বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি অনুবিভাগের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিইসি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন দাপ্তরিক ফাইলে সই করার সময় এনআইডি সংক্রান্ত অন্তত ছয়-সাতটি অভিযোগ তাঁর কাছে আসে। কেউ ছয় মাস, কেউ দশ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে জানান। এসব বিষয় এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয়রানির খবর তাঁকে অত্যন্ত বিব্রত ও অস্বস্তিতে ফেলে।
আবেদনকারীদের দ্রুত সাড়া দেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই মেসেজ দিয়ে তা গ্রহণ ও প্রক্রিয়াধীন থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একটি মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে নাগরিকরা পরে তাঁদের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারেন। আবেদনে কোনো কাগজের ঘাটতি থাকলেও সেটি দ্রুত ও স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
এনআইডি সমস্যা সমাধানে এক দপ্তরের ওপর অন্য দপ্তরের দায় চাপানোর (ব্লেম গেম) প্রবণতা থেকে বেরিয়ে আসার কড়া আহ্বান জানান সিইসি। তিনি বলেন, জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদের সমস্যার অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করলে মানুষকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি দেশের সব নাগরিকের প্রযুক্তিগত সক্ষমতা সমান নয় উল্লেখ করে তিনি বলেন, গ্রামের অনেক বয়স্ক মানুষের জন্য অনলাইনে আবেদন করা বা কার্ড ডাউনলোড করা কঠিন।
তাই শুধু ডাউনলোডের ওপর নির্ভর না করে তাঁদের কাছে কীভাবে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র সহজে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিকল্প চিন্তা করতে হবে। এছাড়া, মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারে এমন আশঙ্কায় অনেকে মৃত্যুর তথ্য গোপন করেন, এই বাস্তবতার কথাও তুলে ধরে সমাধানের তাগিদ দেন তিনি।
নাগরিকদের অযথা হয়রানির হাত থেকে বাঁচাতে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণের পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি স্পষ্ট করে বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না, তবে নাগরিকদের ন্যূনতম ভোগান্তি ছাড়াই সেবা নিশ্চিত করতে হবে। এনআইডি কেন্দ্রিক কোনো দুর্নীতির মধ্যে কাউকে যেন পড়তে না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে দ্রুত কার্যকর সমাধানের পথ বের করার নির্দেশ দেন তিনি।