ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ খতিয়ে দেখছে ডিবি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ খতিয়ে দেখছে ডিবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জনান ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাকড হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কীভাবে করেছে তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে, রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরও বলেন, এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে বিশেষ একটি দল জড়িত। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি; তারা চরম বাড়াবাড়ি করেছে।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই কাজটি করা হয়েছে। এটি ওই দলেরই চক্রান্ত। তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সাথে জড়িত।

জামায়াত আমির,ডা. শফিকুর রহমান,এক্স অ্যাকাউন্ট,হ্যাক,ডিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত