
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হ্যাকারদের ‘অপতথ্যের’ কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমার টুইটার অ্যাকাউন্ট—যেটি এখন এক্স নামে পরিচিত—প্রায় ১৫ ঘণ্টা আগে হ্যাক করা হয়। এরপর সেখানে মায়েদের নিয়ে অত্যন্ত বাজে, অরুচিকর ও কুরুচিপূর্ণ একটি বক্তব্য পোস্ট করা হয়।
তিনি বলেন, ওই ঘটনার পর দেখলাম একটা দল—হই হই রই রই করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারা এখন মিছিল শুরু করে দিল। মানে... এ কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নি!। মুখ লুকেয়ে বলছে— আমি কিন্তু কলা খাই নি। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে...।
জামায়াত আমির সাবধান করে দিয়ে বলেন, এমন কাজ করবেন না। এটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণি না হলে এই কাজ কেউ করতে পারে না।
তিনি বলেন, আমার বক্তব্য, কর্মসূচি ও পরিকল্পনার মোকাবিলা করতে হলে তোমরা তোমাদের বক্তব্য, আদর্শ ও কর্মসূচি দিয়েই মোকাবিলা করো। এই চোরাই পথে; নোংরা পথে কেন?
ডা. শফিকুর রহমান জানান, হ্যাক হওয়ার কিছু সময় পর তার এক্স অ্যাকাউন্ট আবার অ্যাডমিনের নিয়ন্ত্রণে ফিরে আসে। তিনি বলেন, এই ঘটনায় যদি কোনো মা বা বোন ওদের (হ্যাকারদের) অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই।