
বরিশালে জনসভাস্থলে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভায় অংশ নিতে দীর্ঘ ২০ বছর পর বরিশালে এলেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বেলস পার্ক মাঠ এলাকা।
প্রিয় নেতাকে এক নজর দেখতে ও জনসভায় অংশ দিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সভাস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, আজকের জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন তিনি।
তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসায় দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান দলের স্থানীয় নেতারা।
এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। মাঠ ও আশপাশের এলাকায় কড়া নজরদারিতে রয়েছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।