
দীর্ঘ ২৩ বছর পর আজ শনিবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শীর্ষ নেতার আগমন ঘিরে পুরো জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
তার সফরকে কেন্দ্র করে জেলা স্কুল মাঠে জোরেশোরে চলছে মঞ্চ নির্মাণ ও ভেন্যু সাজানোর কাজ। সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা।
দলের নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারম্যানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতিতে নেতাকর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত।
বিএনপির নেতারা আরও জানান, এই নির্বাচনি জনসভা থেকে তারেক রহমান ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে উন্নয়ন ও রাজনৈতিক দিকনির্দেশনামূলক বার্তা দেবেন।
এদিকে, বিএনপির শীর্ষ এ নেতার আগমন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও গ্রহণ করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।