
রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনী পথসভায় নিজেকে এলাকার সন্তান দাবি করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী। এই এলাকা থেকে ঢাকা-১৭ থেকে প্রার্থী হয়েছি। আমি এই এলাকার সন্তান। শিশুকাল থেকে এ এলাকায় বড় হয়েছি।
তিনি আরও বলেন, আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। ১২ তারিখে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে আমাকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসিবি চত্বরে বিজে টাওয়ারের সামনে তৈরি পথসভা মঞ্চ থেকে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, এটি নির্বাচনী পথসভা, মানুষের চলাচলের রাস্তা। তাই বক্তব্য বেশি লম্বা করব না।
ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, যাতে মা-বোনেরা নিরাপদ যে কোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। বিএনপি ১২ তারিখে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আমি ঢাকা শহরকে নিরাপত্তার শহরে পরিণত করতে চাই। এমন একটি পরিচ্ছন্ন সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেখানে মানুষ প্রাণখুলে শ্বাস নিতে পারবে।
তিনি আরও বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। যেখানে শিশুরা খেলবে, মুরব্বিরা বিকেলবেলায় হাঁটাহাঁটি করবে।
তারেক রহমান বলেন, এই এলাকার মানুষের অনেক দিনের প্রত্যাশা ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হোক। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অবশ্যই ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তার প্রসার ঘটাবো।
তিনি আরও বলেন, আবারো বিনীত অনুরোধে করতে চাই, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।