
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে নতুন একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে মোবাইল ফোন ব্যবহার বা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়। নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত। সেদিন গর্বভরে ভোটার লাইনে দাঁড়াবে, ছবি তুলবে, আর নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই।’
জামায়াত আমির বলেন, ‘কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তার মনে রাখা উচিত-এই জাতি প্রস্তুত। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে।’
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।’