
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এগারো দলীয় জোট সমর্থিত ঢাকা-১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সচিব, রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
তবে, অভিযোগটিকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে এনসিপি। দলটি বলছে, বিএনপি নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যু ধামাচাপা দিতে জাতীয় পার্টিকে দিয়ে এ অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এক বিবৃতিতে বলেন, ‘নাহিদ ইসলাম তার পুরো জীবনে শুধুমাত্র দুই দেশে সফর করেছেন—মালেশিয়া ও চায়না। এর বাইরে তিনি কোনো দেশে যাননি। সেদেশে তিনি কখনো যাননি, সেদেশে নাগরিকত্ব নেয়ার অভিযোগ তোলা মিথ্যা ও হাস্যকর। মূলত বিএনপির প্রার্থী তার দ্বৈত নাগরিকত্বের ইস্যুটি ঢাকতে জাতীয় পার্টিকে দিয়ে এ অভিযোগ করেছে বলে আমার মনে হয়।’