
একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সেই পথ বন্ধ করে দেয়া হবে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভোট কারচুপির উদ্দেশ্যেই ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আজকের মধ্যে এই বিধি বাতিল না করলে কালকেই জড়িত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে মাঠে নামবে জামায়াতসহ ১১ দল। স্বৈরাচারের এসব দোসর অতীতে ক্ষমা পেলেও এবার পার পাবে না।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কিছু ব্যক্তি বিশেষ কিছু মানুষকে বিজয়ী করতে তৎপর। মানুষের রায় ছাড়া যদি কোনো কারচুপির চেষ্টা করা হয়, তাহলে দেশে আবারও ‘জুলাই’ নেমে আসতে পারে বলে সতর্ক করেন জামায়াত আমির। জনগণকে সতর্ক পাহারাদারের ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করে দেশসেবার সুযোগ পেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান।