অনলাইন সংস্করণ
২০:১৭, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা ও ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার অভিযোগে নাটোরের লালপুরে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা যায়, নাটোর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. এনামুল হক (বিদ্যুৎ), লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মঞ্জুর রহমান রয়েল এবং যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হাসানকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।