ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভোট কারচুপি বরদাশত করা হবে না: আসিফ মাহমুদ

ভোট কারচুপি বরদাশত করা হবে না: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপি বরদাশত করা হবে না। কেউ জাল ভোট দিতে বা সিল মেরে কেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘১৪০০ শহিদ ও অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নির্বাচনের সুযোগ পেয়েছি। দেশের জনগণকে আহ্বান জানাই, ভোট যাকেই দিন, ভোটকেন্দ্রে আসুন। নিজের ভোট দিন, অন্যের ভোটাধিকারও নিশ্চিত করুন।’

তিনি দাবি করেন, এ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন বাংলাদেশের পথে এগিয়ে যেতে সহায়ক হবে। একই সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, অতীতে পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে। তবে এবারের নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না। আমরা সবকিছু নোট রাখছি।

নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি। আগামীকাল ভোটের দিন ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান এনসিপির মুখপাত্র।

তবে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ভূমিকাকে সাধুবাদ জানান তিনি। পাশাপাশি অভিযোগ করেন, নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব। মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

আসিফ মাহমুদ,ভোট কারচুপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত