
আমেরিকা তার সাম্রাজ্যবাদী মনোভাব ও আধিপত্য ধরে রাখতে গিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কতগুলো দেশ ধ্বংস করেছে। তারা আফগানিস্তানকে তছনছ করেছে, ফিলিস্তিনকে তছনছ করেছে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত ‘আল-আন্দালুস থেকে গ্রানাডা : ইতিহাসের শিক্ষা ও বর্তমান ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমেরিকার অর্থনীতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। সে বড় ধরনের যুদ্ধবিগ্রহ বাধাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। একটি সাম্রাজ্যকে রক্তপাতহীন অবস্থায় ধরে রাখা সহজ না। আমেরিকা তার এই সাম্রাজ্য, আধিপত্য ধরে রাখতে গিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কতগুলো দেশ তারা ধ্বংস করেছে। তারা আফগানিস্তানকে তছনছ করেছে, ফিলিস্তিনকে তছনছ করেছে। মুসলিম দেশগুলোর ভিতরে নানা ধরনের হস্তক্ষেপ করে নির্বাচিত সরকারগুলোকে ফেলে দিচ্ছে। শুধুমাত্র তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে।
তিনি বলেন, মুসলমানদের করডোবা নগরী শাসনের আটশত বছরের একটি ইতিহাস। আধুনিক বিশ্বে আমেরিকা সারা বিশ্বে শাসন করতে গিয়ে একশত বছরের মধ্যে তারা হাঁপিয়ে উঠছে। এখন আমেরিকা আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে। তাদের জিডিপি বৃদ্ধির হার কমে যাচ্ছে। এটা ধরে রাখা এখন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা অস্ত্র আমদানি রপ্তানি বাড়ানোর জন্য সে সারা বিশ্বে ফেতনা ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। অথচ তার অর্থনৈতিক উত্থান হয়েছে ১৯৪৫ সালে। মুদ্রা ব্যবস্থা ধ্বংস হতে একশত বছর লাগতেছে না, অতি শীঘ্রই এটি ধ্বংস হয়ে যাবে।
মুসলমানদের প্রাচীন ইতিহাস নিয়ে তিনি বলেন, যখন মুসলমানেরা বিদ্যুতের বাতি আবিষ্কার করেছিল তারও অন্তত কয়েকশো বছর পরে এসে ইউরোপের অন্যান্য দেশ বিদ্যুতের বাতি কিভাবে তৈরি করতে হয় কিভাবে জ্বালাতে হয় এই জিনিসের চর্চা শুরু করেছিল। মুসলমানরা এত বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছিল। তৎকালীন সময় দারুল হিকমায় যারা জ্ঞান গবেষণা করতো, কর্ডোবায় মুসলমানদের অধীনস্থদের যারা জ্ঞান গবেষণা করতো এই মানুষগুলো জ্ঞান গবেষণা এত বেশি অ্যাডভান্স ছিল পাশাপাশি ইসলামিক জ্ঞানও তাদের ভিতরে এত বেশি ছিল দুইটার মধ্যে তারা সমন্বয় করতে পারতো।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, প্রচার সম্পাদক মেহেদী সজীবসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন হল, অনুষদের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীবৃন্দ ৷