ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতির চেষ্টা, আটক ১

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতির চেষ্টা, আটক ১

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে (কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড) সশস্ত্র ডাকাতচক্রের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে প্রকল্পের ‘মগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করেন। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দেশীয় অস্ত্র—রামদা, ছুরি ও লাঠিসোটা—নিয়ে অতর্কিত হামলার চেষ্টা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে আনসার সদস্য মো. আশিকুর রহমান তার শটগান থেকে দুই রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। আকস্মিক প্রতিরোধ ও গুলির শব্দে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

ঘটনার সংবাদ পেয়ে নিকটস্থ নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে যৌথ তৎপরতা শুরু করে। এক পর্যায়ে ডাকাতচক্রের অন্যতম সদস্য শহিদুল্লাহ (৪০)-কে আটক করা সম্ভব হয়। তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মগডেইল গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্ধকারের সুযোগে চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের সদস্যদের দৃঢ়তা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা এবং অবিচল দেশপ্রেমের ফলে একটি সম্ভাব্য বৃহৎ নাশকতা ও রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। কৌশলগত জাতীয় স্থাপনার নিরাপত্তা রক্ষায় বাহিনীর এই তৎপরতা ও আত্মনিবেদন দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোগত স্থিতিশীলতা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এবং ভবিষ্যতেও যে কোনো হুমকি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করবে।

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প,ডাকাতি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত