ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে অনুদান

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে অনুদান

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ২০২৬–২৭ অর্থবছরের গবেষণা কার্যক্রমের আওতায় নির্বাচিত ছয়টি গবেষণা প্রকল্পের গবেষকদের প্রথম কিস্তির গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) কাউন্সিলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান নির্বাচিত গবেষকদের হাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলের প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক; অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান; কাউন্সিল, গবেষণা ও প্রকাশন বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং কাউন্সিল, গবেষণা ও প্রকাশন বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন।

২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষকরা হলেন—অধ্যাপক ড. হাছানউদ্দীন, ট্রেজারার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মোহাম্মদ নাছিরউদ্দিন, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এডুকেশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; প্রফেসর ড. আবদুল কাদের মোহাম্মদ মাসুম, ডিরেক্টর, IQAC এবং CEO, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা; প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, IQAC এবং ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ; এবং প্রফেসর ড. মোহাম্মদ শাহিদুল হক, ডীন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান বলেন, ২০২৬–২৭ অর্থবছরে কাউন্সিল ছয়টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করছে। দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে ২০২৬–২৭ অর্থবছরে প্রাপ্ত ৭০টি গবেষণা প্রস্তাব থেকে ছয়টি গবেষণা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কোয়ালিটি অ্যাসুরেন্সকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে গবেষণার ক্ষেত্র আরও সম্প্রসারণে আগ্রহী। গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়নের বিষয়ে কাউন্সিল অত্যন্ত আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, কাউন্সিল একই সঙ্গে মানসম্পন্ন গবেষণা প্রত্যাশা করে।

কাউন্সিলের গবেষণা ও প্রকাশন বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান সভায় আগত গবেষকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি কাউন্সিলের গবেষণা নীতিমালা অনুযায়ী এ পর্যন্ত গৃহীত গবেষণা কার্যক্রম ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। তিনি collaboration ও cooperation-এর ভিত্তিতে কাউন্সিলের গবেষণা কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কাউন্সিলের প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক কাউন্সিলের বর্তমান গতিশীল কার্যক্রমের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। তিনি গবেষণা খাতে কাউন্সিলের পক্ষ থেকে প্রদেয় অর্থের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ভবিষ্যতে এ খাতে অর্থের বরাদ্দ আরও বৃদ্ধির প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

কাউন্সিলের অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষকদের ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে Outcome-Based Education (OBE) কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

গবেষকদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষিশিক্ষা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাছিরউদ্দিন একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে গবেষক নির্বাচন করায় কাউন্সিলকে ধন্যবাদ জানান।

তিনি নির্ধারিত সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করে একটি মানসম্মত ও কার্যকর গবেষণা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুদান,৬ গবেষণা প্রকল্প,অ্যাক্রেডিটেশন,অ্যাক্রেডিটেশন কাউন্সিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত