অনলাইন সংস্করণ
১৯:৩৭, ১৭ নভেম্বর, ২০২৬
অপরিণত অবস্থায় জন্ম নেওয়া নবজাতকদের শুধু বেঁচে থাকা নিশ্চিত করাই যথেষ্ট নয়, তাদের সুস্থ শারীরিক বৃদ্ধি, স্নায়বিক বিকাশ ও দীর্ঘমেয়াদি জীবনমান উন্নয়নে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সমন্বিত পরিচর্যা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত র্যালি ও সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
নবজাতক বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে এবং প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের সহায়তায় এ আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ছোট্ট শিশু, সম্ভাবনা অনেক বড়। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজন নিয়মিত ও সমন্বিত পরিচর্যায় বিনিয়োগ’।
দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বৈজ্ঞানিক অধিবেশন, বিষয়ভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।
যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক এবং বিএমইউর ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা সাহেদা। সার্বিক পরিচালনা ও প্যানেলিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএফের সায়েন্টিফিক সাব-কমিটির চেয়ারম্যান ও বিএমইউর নিওনেটাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএমইউর সাবেক কোষাধ্যক্ষ ও ফিটোম্যাটারনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশ্ব অপরিণত নবজাতক দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন ফেজ-বি রেসিডেন্ট ডা. সামিরা খান ও ডা. সিরাজুম মনিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. নাদিয়া।
আয়োজনে বিএমইউর অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. মো. খালেদ নূর, অধ্যাপক ডা. সুফিয়া খাতুন, অধ্যাপক ডা. মাহবুবুল হক, অধ্যাপক ডা. তাবাসুম পারভীন, অধ্যাপক ডা. বেগম শরীফুন নাহার, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত আলম, অধ্যাপক সৈয়দা তাবাসসুম আলম, ডা. নার্গিস আরা বেগম, অরবিস ইন্টারন্যাশনালের বাংলাদেশ পরিচালক ডা. মুনির আহমেদ, ইউনিসেফ বাংলাদেশের ডা. দেওয়া মো. ইমদাদুল হক, ডা. শারমিন জাহান, উপাচার্যের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা অংশ নেন। এ ছাড়া বিএনএফের সদস্য এবং নবজাতক ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে অপরিণত নবজাতকের জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। দেশে অপরিণত জন্মের হার আনুমানিক ১৬ দশমিক ২ শতাংশ। নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির উন্নতির ফলে অপরিণত নবজাতকের বেঁচে থাকার হার বেড়েছে।
তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুর শারীরিক ও স্নায়বিক বিকাশ, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব।
বক্তারা আরও বলেন, অপরিণত নবজাতকের হাসপাতাল-পরবর্তী সমন্বিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিটি অপরিণত নবজাতকের শুধু বেঁচে থাকার অধিকার নয়, বরং সুস্থভাবে বেড়ে ওঠা, বিকশিত হওয়া এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সমান সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব।