প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
চিংড়ির রোস্ট
যা লাগবে : বড় আকারের চিংড়ি ১ কেজি, নারকেল দুধ ২ কাপ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ বা পরিমাণমতো, হলুদগুঁড়া সামান্য, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, তেল ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।
যেভাবে করবেন : চিংড়ি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। লেবুর রস মাখিয়ে নিন। তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। সব বাটা মসলা ও গুঁড়া মসলা কষিয়ে নিন। চিংড়ি মাছ, লবণ, টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল কমে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ির রোস্ট।
চিংড়ি দিয়ে কচুর লতি
যা লাগবে : কচুর লতি আধা কেজি, মাঝারি সাইজের চিংড়ি মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজকুচি তিন টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লাল কাঁচা মরিচ ৫-৬টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লাল মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, রসুনবাটা ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ।
যেভাবে করবেন : কচুর লতির আঁশ বেছে টুকরা করে ভালো করে ধুয়ে নিন। বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রাখুন। পেঁয়াজকুচি করে রাখুন। এবার একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিন। লাল কাঁচা মরিচ অল্প কেটে দিয়ে দিন। পেঁয়াজগুলো নরম হয়ে এলে মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনেগুঁড়া ও অল্প পানি দিয়ে নেড়ে দিন।
এবার পেঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা দিয়ে ভালো করে নেড়ে অল্প লবণ দিয়ে দিন। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে সেদ্ধ করা কচুর লতি দিয়ে দিন। চিনি দিন। লবণ ঠিক আছে কি না, তা দেখে নিন। পাঁচ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে যেন কচুর লতিগুলো ভেঙে না যায়।
চিংড়ি পোলাও
যা লাগবে : চিংড়ি ৫০০ গ্রাম, বাসমতি চাল ২ কাপ, ধনেগুঁড়া ১ চা-চামচ, নারকেলবাটা ২ টেবিল চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনেপাতা ১ টেবিল চামচ, পুদিনাপাতা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, আস্ত এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ফোড়নের জন্য, তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, লবণ পরিমাণমতো, নারকেল দুধ প্রয়োজন অনুযায়ী, পেঁয়াজকুচি সিকি কাপ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, জাফরান রং সাজানোর জন্য।
যেভাবে করবেন : প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার কড়াইতে তেল আর অর্ধেক ঘি দিয়ে আস্ত গরম মসলা দিতে হবে। মসলার সুগন্ধ বের হলে পেঁয়াজকুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর সব কটি বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে দিন। ভালো করে মসলাটা কষান। চিংড়ি মাছ দিয়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। প্রয়োজন অনুযায়ী নারকেলের দুধ দিতে হবে। বাসমতি চালের ভাত রান্না করে নিন। এবার এ ভাতের সঙ্গে চিংড়ি মাছ মিশিয়ে দিন। তারপর ধনেপাতাকুচি, পুদিনাপাতাকুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ, ১ টেবিল চামচ ঘি, জাফরান দিয়ে দমে ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে। দম থেকে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।