প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ অক্টোবর, ২০২৬
কম সময়ে তৈরি হতে হলে প্রথমেই প্রয়োজন ত্বকের দ্রুত প্রস্তুত করা। যেমন, ত্বক পরিষ্কার করা, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন মাখা, বিবি বা সিসি ক্রিম মাখা। সাজ শুরু করার আগে একটি ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। ত্বকে আর্দ্রতা ধরে রাখতে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
দিনের বেলা বাইরে বের হলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত। ভারি ফাউন্ডেশন ব্যবহার না করে দৈনন্দিন বা ঝটপট মেকআপের জন্য বিবি ক্রিম বা সিসি ক্রিম সবচেয়ে উপযুক্ত। এটি ত্বককে এক পলকে সতেজ ও উজ্জ্বল দেখায়।
কাজল বা লাইনারের একটি হালকা ব্যবহারেই চোখকে আকর্ষণীয় করা যায়। সময় থাকলে হালকা মাসকারা ব্যবহার করা যেতে পারে, যা চোখের দৃষ্টিকে প্রাণবন্ত করে তোলে। প্রতিদিন বা হালকা সাজের জন্য ন্যুড বা হালকা গোলাপি শেডের লিপস্টিক বেছে নিন। বিশেষ কোনো আয়োজন হলে চটজলদি গাঢ় লাল বা মেরুন শেডের লিপস্টিক ব্যবহার করলে চেহারাতেই এক ধরনের আভিজাত্য চলে আসে।
পোশাকের কাট ও রঙের ওপর সাজের ধরণ অনেকাংশে নির্ভর করে। কাজের স্থান বা সাধারণ আড্ডায় সুতি বা আরামদায়ক পোশাক বেছে নেওয়া ভালো। পোশাক যদি খুব বেশি রঙিন বা গর্জিয়াস হয়, তবে মুখের মেকআপ হালকা রাখাই শ্রেয়। আবার পোশাক সাধারণ হলে মেকআপ বা গহনায় কিছুটা ভিন্নতা এনে আকর্ষণীয় লুক তৈরি করা যায়।
দ্রুত সাজতে গিয়ে যাতে কোনো ভুল না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। যেমন, ত্বকের ধরন অনুযায়ী প্রসাধন করা, নিজের ত্বকের ধরন তৈলাক্ত, শুষ্ক বা সংবেদনশীল বুঝে পণ্য নির্বাচন করুন। ভুল পণ্য ব্যবহারে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে বা ত্বকের ক্ষতি হতে পারে। অতিরিক্ত মেকআপ এড়িয়ে চলুন, খুব দ্রুত সাজতে গিয়ে অতিরিক্ত ফাউন্ডেশন বা পাউডার ব্যবহার করলে মেকআপ ভেসে উঠতে পারে বা কৃত্রিম লাগতে পারে।