প্রিন্ট সংস্করণ
০০:০০, ২১ অক্টোবর, ২০২৬
ল্যাংচা
যা লাগবে : ছানা ১ কাপ, মাওয়া আধা কাপ, ময়দা ২ টেবিল চামচ, বড় এলাচির গুঁড়া সামান্য, বেকিং পাউডার আধা চা-চামচ, ভাজার জন্য তেল ৩ কাপ, ঘি আধা কাপ, চিনি ২ কাপ, পানি ৫ কাপ।
যেভাবে করবেন : ছানার পানি ঝরিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিন। এতে মাওয়া, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন। ১২ ভাগ বা পছন্দমতো সংখ্যায় ভাগ করে নিন। লম্বা আকারের ল্যাংচা বানিয়ে নিন। সাধারণত ল্যাংচা মিষ্টি চমচমের তুলনায় বড় হয়ে থাকে। তেল ও ঘি চুলায় দিয়ে অল্প জ্বালে রাখুন। বাদামি রং করে ভেজে উঠিয়ে রাখুন। একটি পাত্রে ২ কাপ চিনি, ৫ কাপ পানি চুলায় দিয়ে দিন। ফুটে উঠলে মিষ্টিগুলো কুসুম গরম অবস্থায় ফুটানো শিরায় ছেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১২ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিতে হবে মিষ্টিগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দুই ঘণ্টা ঢেকে রাখতে হবে।
কালোজাম
ছানার জন্য যা লাগবে : তরল দুধ ১ লিটার, সিরকা ২ টেবিল চামচ (সমপরিমাণ পানি দিয়ে মেশানো)।
যেভাবে করবেন : দুধ নেড়ে নেড়ে জ্বাল দিন। জ্বাল উঠলে নামিয়ে নিন। সিরকা মেশানো পানি দিয়ে আস্তে করে নাড়ুন। দুধ জমে গেলে কিছুক্ষণ ঢেকে রাখুন। পাতলা নরম সুতি কাপড়ে ছানা ছেঁকে নিন। পানি দিয়ে ধুয়ে কাপড়ে বেঁধে রেখে দিন। পানি একেবারে ঝরে যাওয়ার জন্য।
মাওয়ার জন্য যা লাগবে : গুঁড়া দুধ আধা কাপ, গুঁড়া চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ।
যেভাবে করবেন : সব একসঙ্গে হাতের আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিহি চালুনিতে ঘষে ঘষে চেলে নিতে হবে।
কালোজাম তৈরি করতে যা লাগবে : ছানা ১ কাপ, ময়দা সিকি কাপ, মাওয়া আধা কাপ, গুঁড়া চিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, পানি ৪ কাপ, চিনি ৪ কাপ, বেকিং পাউডার ১ চিমটি, তেল ডুবো তেলে ভাজার জন্য যতটুকু লাগে, গোলাপজল আধা চা-চামচ, পানি ১ কাপ (প্রয়োজন হলে)।
যেভাবে করবেন : ৪ কাপ পানিতে ৪ কাপ চিনি দিয়ে জ্বাল দিন। গোলাপজল দিন। চিনি আর পানি মিশে গেলে চুলা বন্ধ করে দিন। একটু পাতলা করেই বানাতে হবে মিষ্টির এই শিরা। একটা ছড়ানো পাত্রে ময়দা, বেকিং পাউডার, ঘি ও গুঁড়া করা চিনি মেখে নিন। পানি ঝরিয়ে নেওয়া ছানা হাতের তালু দিয়ে ঘষে ঘষে মথে নিন। এবার ময়ান দেওয়া ময়দা ও মাওয়া দিয়ে ছানা ভালো করে মেখে নিন। হাতে সামান্য ঘি মেখে কালোজামের আকারে ছানাগুলো মসৃণ করে তৈরি করুন। ভারী প্যানে বা কড়াইয়ে ডুবোতেলে একদম অল্প জ্বালে মিষ্টিগুলো ছেড়ে দিন। গাঢ় বাদামি করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। শিরা যেন বেশি ঘন না হয়। ভাজা মিষ্টিগুলো উঠিয়ে শিরায় দিতে হবে। বলক আনার জন্য ৫ মিনিট উঁচু তাপে থাকবে। পরের ৫ মিনিট অল্প আঁচে থাকবে। শিরা ঘন হয়ে গেলে প্রয়োজনে ১ কাপ গরম পানি দিতে পারেন। চুলা থেকে নামিয়ে এক-দুই ঘণ্টা শিরায় রেখে দিন। পরিবেশন করুন।
গুড় ও চিনির নারকেলের সন্দেশ
যা লাগবে : নারকেল কোরা ২ কাপ, আখের গুড় এক কাপের চার ভাগের তিন ভাগ/ চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ। এলাচগুঁড়া সিকি চা-চামচ।
যেভাবে করবেন : প্রথমে একটি কড়াইয়ে নারকেল কোরা ও গুড়/ চিনি (যদি চিনির সন্দেশ বানান) দিয়ে ভালোভাবে নেড়ে নিন। মিশ্রণটি জ্বাল দিতে দিতে পাক তৈরি করুন। পাক হয়ে এলে এতে এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি পাটায় সুন্দরভাবে বেটে নিতে হবে। সবশেষে বিভিন্ন ডিজাইনের ছাঁচের সাহায্যে সন্দেশ তৈরি করে নিন।