ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পার্টি ব্যাগে ব্যক্তিত্ব ও আভিজাত্য

পরিপাটি সাজের পূর্ণতা আনতে ছোট্ট একটি অনুষঙ্গের গুরুত্বও কম নয়, সেটি হলো পার্টি ব্যাগ। আকারে ছোট হলেও একটি মানানসই ব্যাগ পুরো সাজে যোগ করতে পারে ভিন্ন মাত্রা। লিখেছেন— মুনিয়া আক্তার
পার্টি ব্যাগে ব্যক্তিত্ব ও আভিজাত্য

পার্টির ধরন বুঝে ব্যাগ : সব অনুষ্ঠানের জন্য একই ধরনের ব্যাগ মানানসই নয়। দিনের বেলার কোনো পারিবারিক অনুষ্ঠান, বন্ধুর জন্মদিন কিংবা ঘরোয়া আয়োজনে ছোট আকারের স্লিং ব্যাগ, মিনিমালিস্ট হ্যান্ডব্যাগ বা সুন্দর নকশার শোল্ডার ব্যাগ বেছে নেওয়া যায়। এসব ব্যাগে প্রয়োজনীয় জিনিস রাখা যায়, আবার অতিরিক্ত জাঁকজমকও মনে হয় না। দিনের অনুষ্ঠানে হালকা রং, ফুলেল নকশা কিংবা প্যাস্টেল শেডের ব্যাগ বেশ মানানসই।

বিয়ের অনুষ্ঠান, গায়েহলুদ কিংবা জমকালো সন্ধ্যার পার্টিতে ক্লাচ ব্যাগ হতে পারে দারুণ পছন্দ। পুঁতি, পাথর, অ্যামব্রয়ডারি, সিকুইন কিংবা ধাতব কারুকাজ করা ক্লাচ উৎসবের সাজে আভিজাত্য যোগ করে। শাড়ি, লেহেঙ্গা, গাউন কিংবা ভারী কাজের সালোয়ার-কামিজের সঙ্গে এ ধরনের ব্যাগ ভালো মানায়। তবে পোশাকে বেশি কাজ থাকলে ব্যাগের নকশা তুলনামূলক সাধারণ রাখাই ভালো। এতে সাজে ভারসাম্য বজায় থাকে।

অফিসের আনুষ্ঠানিক পার্টি, করপোরেট ডিনার কিংবা কোনো অভিজাত রেস্তোরাঁর আয়োজনে কাঠামোবদ্ধ ছোট হ্যান্ডব্যাগ বা চেইন স্ট্র্যাপের ব্যাগ বেছে নেওয়া যেতে পারে। কালো, বাদামি, ন্যুড, মেরুন কিংবা ধাতব আভাযুক্ত রং এ ধরনের অনুষ্ঠানে বেশ মানানসই। পশ্চিমা পোশাক, ব্লেজার, শার্ট-প্যান্ট কিংবা মার্জিত গাউনের সঙ্গে এসব ব্যাগ পরিপাটি ও রুচিশীল উপস্থিতি তৈরি করে।

বন্ধুদের সঙ্গে পার্টি কিংবা সন্ধ্যার কোনো বিশেষ আয়োজনে মেটালিক, জ্যামিতিক নকশার বা একটু ব্যতিক্রমী আকৃতির ব্যাগ ব্যবহার করা যায়। তবে ব্যাগের আকার ও নকশা যেন পুরো সাজকে ছাপিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

পোশাকের সঙ্গে রঙের সমন্বয় : পার্টি ব্যাগ নির্বাচনের ক্ষেত্রে পোশাকের রং ও নকশার দিকে নজর দেওয়া প্রয়োজন। এর অর্থ এই নয় যে পোশাক ও ব্যাগের রং হুবহু এক হতে হবে। বরং পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রং বেছে নিলে সাজে আসে বৈচিত্র্য। যেমন, লাল বা মেরুন শাড়ির সঙ্গে সোনালি, কালো কিংবা হালকা রঙের ক্লাচ সুন্দর মানায়। কালো গাউনের সঙ্গে রুপালি বা ধাতব আভাযুক্ত ব্যাগ আনে আভিজাত্য। আবার সাদা, অফহোয়াইট বা প্যাস্টেল রঙের পোশাকের সঙ্গে গোলাপি, বেইজ কিংবা হালকা নীল ব্যাগে তৈরি হয় স্নিগ্ধ আবহ।

জামদানি, সিল্ক বা ভারী নকশার শাড়ির সঙ্গে পুঁতি কিংবা কারুকাজ করা ছোট ব্যাগ মানানসই। অন্যদিকে সাদামাটা শাড়ি বা একরঙা পোশাকের সঙ্গে একটু উজ্জ্বল, নকশাদার কিংবা ব্যতিক্রমী আকৃতির ব্যাগ ব্যবহার করা যায়। পোশাক ও ব্যাগের পাশাপাশি জুতা, গয়না এবং ঘড়ির সঙ্গেও রঙের সামঞ্জস্য রাখা যেতে পারে। তবে সবকিছু একই রঙের করার চেয়ে একটি বা দুটি অনুষঙ্গে বৈপরীত্য রাখলে সাজ আরও আকর্ষণীয় হয়।

ব্যাগেই প্রকাশ পাক ব্যক্তিত্ব : পার্টি ব্যাগ শুধু প্রয়োজনীয় জিনিস বহনের উপকরণ নয়, এটি ব্যক্তির রুচি ও ব্যক্তিত্ব প্রকাশেরও মাধ্যম। কেউ পছন্দ করেন সাদামাটা ও পরিমিত নকশা, কেউ আবার একটু ব্যতিক্রমী ও নজরকাড়া অনুষঙ্গ ভালোবাসেন। যারা মার্জিত সাজ পছন্দ করেন, তারা বেছে নিতে পারেন একরঙা, কম কারুকাজের ছোট ব্যাগ। যারা ফ্যাশনে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন, তাদের জন্য জ্যামিতিক নকশা, অপ্রচলিত আকৃতি, উজ্জ্বল রং কিংবা হাতে তৈরি ব্যাগ হতে পারে পছন্দের অনুষঙ্গ।

আড়ংয়ের ফ্যাশন ডিজাইনার ফয়েজ হাসান বলেন, পোশাকে চাকচিক্যের চেয়ে রুচি, মানানসই নির্বাচন ও স্বাভাবিক উপস্থাপন বেশি গুরুত্বপূর্ণ। এ ভাবনা পার্টি ব্যাগ নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। শুধু দামি বা প্রচলিত নকশার ব্যাগ নয়, নিজের পোশাক, রুচি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানানসই ব্যাগই হতে পারে ব্যক্তিত্বের পরিচায়ক।

ব্যবহারেও চাই স্বাচ্ছন্দ্য : পার্টি ব্যাগ দেখতে সুন্দর হলেই হবে না, ব্যবহারেও হতে হবে সুবিধাজনক। সাধারণত মোবাইল ফোন, ছোট মানিব্যাগ, চাবি, লিপস্টিক, টিস্যু ও প্রয়োজনীয় প্রসাধনসামগ্রী রাখার মতো জায়গা থাকলেই যথেষ্ট। ব্যাগের হাতল বা চেইন যেন আরামদায়ক হয়। দীর্ঘ সময়ের অনুষ্ঠানে হাতে ধরে রাখার পরিবর্তে চেইন স্ট্র্যাপের ব্যাগ সুবিধাজনক। ভিড়ের অনুষ্ঠানে জিপার বা ভালোভাবে আটকানো যায় এমন ব্যাগ ব্যবহার করা নিরাপদ। ব্যাগে অপ্রয়োজনীয় জিনিস না রাখাই ভালো। এতে ব্যাগের ওজন কম থাকে এবং প্রয়োজনের সময় জিনিস খুঁজে পেতেও অসুবিধা হয়।

আভিজাত্য ধরে রাখার কিছু কৌশল : পার্টি ব্যাগ ব্যবহারের সময় কয়েকটি বিষয় মনে রাখা দরকার। পোশাকের সঙ্গে ব্যাগের নকশা ও আকারের সামঞ্জস্য থাকতে হবে। অতিরিক্ত গয়না ও ভারী নকশার পোশাকের সঙ্গে খুব বেশি কারুকাজ করা ব্যাগ না নেওয়াই ভালো। আবার সাধারণ পোশাকের সঙ্গে আকর্ষণীয় ব্যাগ ব্যবহার করে সাজে বিশেষত্ব আনা যায়। ব্যাগের পরিচ্ছন্নতা ও চাকচিক্যও বজায় রাখা জরুরি।

মডেল : মাকসুদা আখতার প্রিয়তী

ছবি : জনাথান ডাক

ড্রেস : সিক্স রোডস

হ্যাট ডিজাইনার : ফিয়োনা রাফটার

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত