প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৮ নভেম্বর, ২০২৬
নকশি পিঠা
যা লাগবে : চালের গুঁড়া ২ কাপ, পানি ২ কাপ, লবণ ১ চা চামচ, খেজুর কাঁটা কয়েকটি, বাঁশের চটা প্রয়োজনমতো, তেল (ভাজার জন্য) ১ লিটার, সিরা তৈরির জন্য চিনি বা গুড় ২ কাপ, পানি ২ কাপ, এলাচ ২-৩টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ১টি।
যেভাবে করবেন : হাঁড়িতে পানি ফুটতে দিন। পানি ফুটে উঠলে লবণ ও চালের গুঁড়া দিন। মাঝারি আঁচে ঢেকে সিদ্ধ করুন ৮-১০ মিনিট। নাড়বেন না। আঁচ কমিয়ে হাঁড়ি চুলায় রেখেই নেড়ে কাই করুন। চুলা থেকে নামিয়ে কাই ভালোভাবে মথে নিন। ভেজা নেকড়া দিয়ে ঢেকে রাখুন। মথা কাই ৬ ভাগ করুন। প্রত্যেক ভাগ কাই দিয়ে ১/২ ইঞ্চি পুরু রুটি বেলুন। রুটির ওপর হাত দিয়ে তেল মেখে খেজুর কাঁটা দিয়ে নকশা করুন। বড় মোটা সুই দিয়ে বড় নকশার ভেতর থেকে কাই তুলে নিন ও ছোট নকশার ভেতর জিগজ্যাগ করে দিন। পিঠার চারদিকে বাঁশের চটা দিয়ে দাঁত কেটে দিন। লোহার কড়াইতে তেল গরম করে মৃদু আঁচে পিঠা ভাজুন। খেয়াল রাখুন পিঠা যেন ভেতরে-বাইরে সমান ভাজা হয় এবং গাঢ় রং না হয়। ভাজার পর বেশ কয়েক সপ্তাহ সংরক্ষণ করতে পারেন। পরিবেশনের আগে সিরা তৈরির উপকরণ দিয়ে মাঝারি ঘনত্বের সিরা করে নিন। এলাচ দারুচিনি তেজপাতা তুলে ফেলে দিন। কড়াইতে তেল গরম করে বাদামি রং করে পিঠা ভেজে তেল ঝরিয়ে সিরায় ফেলুন। ২-৩ বার উলটে দিন। ৫-৬ মিনিট পর সিরা থেকে পিঠা তুলে পরিবেশন করুন।
দুধ পুলি
যা লাগবে : ময়দা ২ কাপ, আতপ চালের গুঁড়ি আধা কাপ, লবণ সামান্য, নারকেলের দুধ ১ কাপ (২ লিটার দুধ জাল দিয়ে ১ লিটার করে ১ কাপ চিনি ও আধা চা-চামচ এলাচি গুঁড়া দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে রাখতে হবে)।
যেভাবে : নারকেলের দুধ ফুটিয়ে লবণ, চালের গুঁড়া, ময়দা দিয়ে সেদ্ধ হলে নেড়ে নামিয়ে নিন। এবার ভালো করে মথে ২০ ভাগ বা পছন্দমতো ভাগ করে, প্রতি ভাগ হাতের আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো আকার করে ১ টেবিল চামচ পুর দিয়ে মুখ বন্ধ করে অর্ধচন্দ্রাকারে করে ২০-২৫ মিনিট ভাপে সেদ্ধ করে গরম অবস্থায় ঘন দুধে দিতে হবে, ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।
পুরের জন্য যা লাগবে : নারকেল কোরানো ২ কাপ, খেজুরের গুড় ১ কাপ, এলাচি গুঁড়া সামান্য। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে হবে, চটচটে হলে নামাতে হবে।
ঝিনুক পিঠা
যা লাগবে : ডিম ২টি, ময়দা ৩ কাপ, চিনি ১ কাপ, সুজি সোয়া কাপ, তেল পৌনে ১ কাপ, লবণ পরিমাণমতো।
যেভাবে করবেন : প্রথমে ডিম ও চিনি একসঙ্গে ফেটাতে হবে। তেল ও লবণ দিয়ে আবারও ভালোভাবে ফেটান। এরপর ময়দা ও সুজি মিশিয়ে খামির বানাতে হবে। রুটির খামিরের চেয়ে একটু নরম খামির হতে হবে। ছোট ছোট গোল বল বানিয়ে নিন। এবার পরিষ্কার নতুন চিরুনিতে তেল মেখে নিতে হবে। বলের উপর চিরুনিটি আঙুল দিয়ে চেপে ধরুন। ঝিনুকের মতো করে পেঁচিয়ে ঝিনুক পিঠা বানিয়ে ফেলুন। এভাবে অনেকগুলো পিঠা বানানোর পর হালকা জ্বালে বাদামি করে ভেজে পরিবেশন করুন।