ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

যুদ্ধে বিধ্বস্ত শহর

তমিজ উদ্দীন লোদী
যুদ্ধে বিধ্বস্ত শহর

এই শহরে এখন সময় স্থির নয়,

একটি ঝুলন্ত ঘড়ির কাঁটার মতো

যার মুখ ভেঙে গেছে শার্পনেলের ছোঁয়ায়।

গণকেরা বাতাসে খোঁজে জীবনের রেখা-

একটি জুতো, অর্ধেক পোড়া পুতুল,

দেওয়ালে আটকে থাকা হাতের ছায়া।

তবু হঠাৎ, মধ্যরাতে জেগে ওঠে

কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা একটি বাড়ি;

তার কোনো জানালা নেই, তবু ভেতরে জ্বলে

একটি মোমবাতির নিঃশব্দ শিখা-

যেন কেউ এখনও অপেক্ষা করে

কারো ফিরে আসার।

সময় গড়ায়, কিন্তু এখানে ইতিহাস স্তব্ধ।

শুধু একগুচ্ছ নীল কবুতর উড়ে যায়

একটি ধ্বংসপ্রাপ্ত মিনারের চারদিকে,

যেন তারা এখনও বিশ্বাস করে-

আকাশ সম্পূর্ণ নিরপেক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত